শ্রীনগরের বালাশুরে সাহেব বাবুর পুকুর ভরাট কাজ বন্ধ করলো প্রশাসন
মুন্সিগঞ্জ, ২ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে শতবছরের পুরনো সাহেব বাবুর পুকুর অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাট ও জমির শ্রেণী পরিবর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রাড়িখাল ইউনিয়নের উত্তর বালাশুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ টি ড্রেজার, ১ টি ভেকু মেশিন ও বিপুল পরিমাণ ড্রেজারের পাইপ অপসারণ করা হয়।
অভিযান পরিচালনা করেন, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল জানান, জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা ও ভরাটের বিরুদ্ধে অভিযান সামনেও অব্যাহত থাকবে।
এসময় স্থানীয়রা ঐতিহ্যবাহী জলাশয়টি রক্ষায় অভিযান পরিচালনা করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল কে ধন্যবাদ জানায় এবং ভূমি খেকো সিন্ডিকেটের হোতা বিকল্প ধারার নেতা আব্দুল্লাহ্ আল-মামুন ও আরেক বিকল্প ধারার নেতা বেলায়েত তালুকদারের হাত থেকে জলাশয়টি রক্ষায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।


