শিশু নির্যাতনের ঘটনায় মামলা, বাবার কাছে ফিরে গেল সুবর্ণা
মুন্সিগঞ্জে ছয় বছরের শিশু সুবর্ণাকে নির্যাতনের ঘটনায় গৃহবধূ কল্পনা বেগমকে আসামি করে মামলা হয়েছে।
মেয়ের নির্যাতনের খবর পেয়ে বুধবার রাতেই সুবর্ণার ‘নিখোঁজ’ বাবা চান মিয়া মেয়েকে নিতে এসেছেন।
পরে তিনি বাদী হয়ে সদর থানায় শিশু নির্যাতন আইনে ওই গৃহবধূর বিরুদ্ধে মামলা করেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় অভিযুক্ত কল্পনা বেগমকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, গতকাল বিকেলে মুন্সীগঞ্জ সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে নির্যাতনের শিকার শিশু সুবর্ণা। পরে আদালতের নির্দেশে সুবর্ণাকে তার বাবা চান মিয়ার জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাফিজুর রহমান।
এ সময় শিশু সুবর্ণা জানায়, বাবাকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। সে আর কাজ করতে চায় না। লেখাপড়া করে বড় হতে চায়।
চান মিয়া বলেন, সংসারে অভাব-অনটনের কারণে রামপাল ইউনিয়নের বল্লালবাড়ির সিরাজ মাদবরের বাড়িতে সুবর্ণাকে গৃহকর্মীর কাজে দিয়েছিলাম। এর পর সিরাজ মাদবরের স্ত্রী কল্পনা বেগম প্রায়ই তাকে নির্যাতন করত। বিষয়টি জানতে পেরে একাধিকবার সুবর্ণাকে আনতে গেলে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিত।
এলাকাবাসী ও সাংবাদিকদের কারণে মেয়েকে ফিরে পেয়েছি। তার ওপর নির্যাতনকারী কল্পনা বেগমের শাস্তি দাবি করেন রিকশাচালক চান মিয়া।








