১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:২৪
শিমুলিয়া থেকে ছেড়ে যাওয়া দুই ফেরিতে হুড়োহুড়িতে ৫ জনের মৃত্যু
খবরটি শেয়ার করুন:
438

মুন্সিগঞ্জ, ১২ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুইটি ফেরিতে হুড়োহুড়িতে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫-৫০ জন।

বুধবার (১২ মে) শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে শাহ পরাণ ও এনায়েতপুরী নামের দুইটি ফেরিতে এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ফেরি শাহ পরাণে একজন ও ফেরি এনায়েতপুরীতে চারজন মারা যান।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে তিন নম্বর ফেরিঘাটে শাহ পরাণ নামের রোরো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে আনছার মাদবর নামের এক কিশোর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কালিকা প্রসাদ গ্রামে।

অন্যদিকে এনায়েতপুরী ফেরিটি দুপুর দেড়টার দিকে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায়। ফেরি ছাড়ার সময় পন্টুনে কিছু যাত্রী দাঁড়ানো ছিলেন। পন্টুন উঠানোর সময় এটি খাড়া হয়ে গেলে তারা অন্য যাত্রীদের মধ্যে পড়ে যান। এসময় হুড়োহুড়ি ও গরমে তারা মারা যান বলে ধারণা করা হচ্ছে। ফেরিটি বাংলাবাজারে পৌঁছালে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে এই পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।