রুয়ান্ডায় যৌথভাবে অভিবাসী নির্বাসন কেন্দ্র খুলছে ইউরোপের ৫ দেশ
রুয়ান্ডায় যৌথভাবে অভিবাসী নির্বাসন কেন্দ্র খুলছে ইউরোপের ৫ দেশ
৩১

ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস এবং নেদারল্যান্ডস পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় যৌথভাবে একটি অভিবাসী নির্বাসন কেন্দ্র খোলার উদ্যোগ নিয়েছে। অভিবাসী প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদার করার অংশ হিসেবে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ১৬ নভেম্বর নেদারল্যান্ডস ও ডেনমার্ক সরকারের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আগামী ২০২৭ সাল নাগাদ কেন্দ্রটি অভিবাসীদের গ্রহণ করার জন্য প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে।

এই পরিকল্পনাটি এমন সব অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা অবৈধভাবে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থান করছেন এবং যাদের ইতোমধ্যেই ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো নথিবিহীন অভিবাসীকে তার নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হয়, সেক্ষেত্রে এই কেন্দ্রটি একটি বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করবে। চুক্তির প্রথম ধাপে কেবল অবিবাহিত পুরুষদেরই সেখানে পাঠানো হবে এবং নেদারল্যান্ডসের মূল মনোযোগ থাকবে রুয়ান্ডার কাছাকাছি অঞ্চলের দেশগুলোর অভিবাসীদের ওপর।

সোমবার ভিয়েনায় এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার জানান, এই পাঁচটি দেশ ইউরোপের আশ্রয় প্রদান ব্যবস্থার ওপর চাপ কমাতে এবং মানব পাচারকারীদের প্রাণঘাতী ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার আয়োজন রোধ করতে চায়। রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা এক বিবৃতিতে বলেন, অভিবাসীদের জন্য একটি নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ সমাধান নিশ্চিত করতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। কূটনীতির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, কেন্দ্রটি প্রাথমিকভাবে একটি পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করবে এবং ৫টি দেশ থেকে আসা ২০ জন করে মোট ১০০ জন অভিবাসনপ্রত্যাশীকে সেখানে রাখা হতে পারে।

রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীরা সমাজের মূলধারায় মিশে যাওয়ার সুযোগ পাবেন এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, শ্রমবাজার ও আইনি ব্যবস্থায় প্রবেশাধিকার লাভ করবেন। এছাড়া এ পরিকল্পনা বাস্তবায়নে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম সহায়তাকারী ভূমিকা পালন করতে পারে বলে আশা করা হচ্ছে। তবে মানবাধিকার সংস্থাগুলো এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছে। হিউম্যান রাইটস ওয়াচ-এর আফ্রিকা বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ক্লেমেন্টিন ডি মন্টজোয়ে বিবিসিকে বলেন, ভিন্নমত দমন ও মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস রয়েছে এমন একটি সরকারকে আর্থিকভাবে সহায়তা করা উদ্বেগের বিষয়।

এর আগে ২০২৩ সালে যুক্তরাজ্য রুয়ান্ডার সঙ্গে এ ধরনের একটি চুক্তি করলেও আইনি জটিলতা ও পরবর্তীতে ক্ষমতার পরিবর্তনে তা বাতিল হয়ে যায়। তবে বর্তমান ব্রিটিশ সরকার এই নতুন পরিকল্পনাটি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণের কথা জানিয়েছে। অন্যদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই অভিবাসী নির্বাসন কেন্দ্রের সমালোচনা করে একে অমানবিক ও ভবিষ্যতের সমাধানহীন বলে মন্তব্য করেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ