১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ১১:৫৪
মুন্সিগঞ্জ-১: প্রার্থিতা ফিরে পেলেন সপু ও মমিন আলী, নির্বাচনে বাধা নেই
খবরটি শেয়ার করুন:
227

মুন্সিগঞ্জ, ১৪ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে ভোটযুদ্ধের সমীকরণ বদলে গেল।

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে নিজেদের প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির দুই হেভিওয়েট নেতা মীর সরফত আলী সপু ও আলহাজ্ব মমিন আলী।

আজ বুধবার নির্বাচন কমিশন ভবনে শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর ফলে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা রইল না।

এর আগে, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ের সময় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে অসামঞ্জস্যের অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন। আজকের রায়ে ইসি তাদের আপিল মঞ্জুর করে মনোনয়ন বৈধ ঘোষণা করে।

মনোনয়ন ফিরে পাওয়ার পর সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মীর সরফত আলী সপু বলেন, “আমি ব্যক্তিগত ইচ্ছা থেকে নয়, বরং এলাকার মানুষের ভালোবাসা এবং প্রবল অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলাম। সত্যের জয় হয়েছে। আজ আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছি। আল্লাহ চাইলে সিরাজদিখান-শ্রীনগরের মানুষের প্রত্যাশা পূরণে শেষ পর্যন্ত লড়াই করে যাব।”

এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

মীর সরফত আলী সপু ও মমিন আলী প্রার্থিতা ফিরে পাওয়ায় মুন্সিগঞ্জ-১ আসনে লড়াইয়ের ময়দান আরও জমে উঠেছে। এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ, জামায়াতে ইসলামীর এ কে এম ফখরুদ্দীন রাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে এম ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, সিপিবির অ্যাডভোকেট আব্দুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের রোকেয়া আক্তার এবং স্বতন্ত্র প্রার্থী মীর সরফত আলী সপু ও আলহাজ্ব মমিন আলী।

মনোনয়ন বৈধ হওয়ার খবর শুনে দুই নেতার সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এদিন বিকেলে তারা ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দেশের কল্যাণ ও নির্বাচনী সাফল্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দুই প্রার্থীই জানিয়েছেন, প্রতীক বরাদ্দের পর তারা আনুষ্ঠানিকভাবে এলাকায় নির্বাচনী প্রচারণায় নামবেন।