মুন্সিগঞ্জ-১ এর মনোনয়ন পরিবর্তনের দাবি, এক্সপ্রেসওয়েতে উঠে বিক্ষোভ
মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত বিএনপির ৩টি পক্ষের সমর্থকরা।
আজ শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় কয়েক শতাধিক নেতাকর্মী উত্তেজিত হয়ে মূল এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে উঠে পড়েন। এসময় কয়েকজন সড়কে শুয়েও পড়েন। বিক্ষুব্ধরা যান চলাচলে বাঁধা দিলে চলাচলে ধীরগতি দেখা দেয়।
১২টা ৫০ মিনিটের দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেন। পরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।
ঘটনাস্থলে পুলিশও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কার্যক্রম করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘মনোনয়ন বঞ্চিত দুই পক্ষের একশো-দেড়শো লোক মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের উপরে চলে যান। একসাথে অনেক মানুষ সড়কে চলে যাওয়ায় যানবাহনগুলো ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে যায়। ২-১ মিনিটের মধ্যেই সিনিয়র নেতারা চলে আসলে নেতাকর্মীরা নিজেরাই চলে যান। তবে এসময় যান চলাচল বন্ধ হয়নি, সাময়িক বিঘ্ন ঘটেছে।’
এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে মনোনয়ন বাতিলের দাবিতে সমাবেশ হয়। সেখানে বক্তব্য রাখেন, মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও মমিন আলী। এসময় যোগ দেন আরেক মনোনয়ন বঞ্চিত মো. ফরহাদ হোসেন। সমাবেশ শেষে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় জড়ো হন নেতাকর্মীরা।


