১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১২:২৫
মুন্সিগঞ্জ সংলগ্ন মেঘনায় দ্রুত অ্যাকশন; বাঁচল ভোলা থেকে ঢাকামুখী শিশুর জীবন
খবরটি শেয়ার করুন:
289

মুন্সিগঞ্জ, ২৬ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জীবনের ঝুঁকিতে পড়া এক অসুস্থ শিশুকে সময়মতো জরুরি অক্সিজেন সহায়তা দিয়ে তার প্রাণ বাঁচিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে থাকা শিশুটির অক্সিজেন সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেলে তার নানার জরুরি ফোন পেয়ে কোস্ট গার্ড সদস্যরা অতি দ্রুত সাড়া দেন এবং মানবতা রক্ষায় এক অনন্য নজির স্থাপন করেন।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার (২৬ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে এই মানবিক সহায়তার বিষয়টি তুলে ধরেন।

জানা যায়, গত ২৫ নভেম্বর (মঙ্গলবার) জনৈক এক ব্যক্তি তাঁর অসুস্থ সন্তানকে উন্নত চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার সহকারে লঞ্চযোগে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। লঞ্চটি মুন্সিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীর এলাকায় পৌঁছানোর পরই ঘটে চরম বিপত্তি। হঠাৎ অক্সিজেন সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যাওয়ায় শিশুটির জীবন আশঙ্কাজনক হয়ে ওঠে। অসহায় অবস্থায় শিশুটির নানা তৎক্ষণাৎ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে বিষয়টি অবগত করেন।

সংকটের খবর পাওয়ামাত্র এক মুহূর্তও দেরি করেনি কোস্ট গার্ড। সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে দ্রুততম সময়ে লঞ্চটির দিকে রওয়ানা হয়। কোস্ট গার্ড সদস্যরা লঞ্চে পৌঁছে দ্রুত নতুন গ্যাস সিলিন্ডারটি সংযুক্ত করে দেন। সময়মতো এই সহায়তা পাওয়ায় শিশুটির জীবন-ঝুঁকি তৎক্ষণাৎ কেটে যায়।

প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে নিরাপদে সদরঘাটে নিয়ে আসা হয় এবং উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে সিভিল অ্যাম্বুলেন্স যোগে ঢাকার মিরপুর-২ এর ডা. এম আর খান শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, “জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।”