১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:১০
মুন্সিগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয় সাংবাদিক নাদিম হোসাইনের
খবরটি শেয়ার করুন:
106

মুন্সিগঞ্জ, ১ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাংবাদিক নাদিম হোসাইন। তিনি পেয়েছেন ৩৯ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজন পাইক পেয়েছেন ৬ ভোট। ৩৩ ভোটের এই বিশাল ব্যবধান মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী সাংবাদিকরা নাদিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার প্রতি আস্থা রাখার জন্য ভোটারদের ধন্যবাদ জানান তিনি।

এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নাদিম হোসাইন বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি মুন্সিগঞ্জের সকল সাংবাদিকদের বিজয়। আমি সকলকে সঙ্গে নিয়ে প্রেসক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”

এর আগে ২০১৯ সালে তিনি টানা দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ২০২৩-২৪ অর্থবছরেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ধারাবাহিকভাবে দায়িত্বশীল পদে সফলতার সঙ্গে কাজ করায় এবারও সদস্যদের ব্যাপক সমর্থন পেয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত নাদিম হোসাইন বর্তমানে জাতীয় দৈনিক দৈনিক আমাদের সময়-এ মুন্সিগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি মুন্সিগঞ্জের কাগজ, সভ্যতার আলো, মুন্সিগঞ্জের খবরসহ একাধিক স্থানীয় পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক রজত রেখা পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সহকর্মীদের মতে, পেশাদারিত্ব, সাংগঠনিক দক্ষতা ও সহমর্মী নেতৃত্বগুণের কারণেই তিনি এই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। আগামী দিনে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করছেন মুন্সিগঞ্জের সাংবাদিক সমাজ।