মুন্সিগঞ্জ ও সিরাজদিখানসহ বেশ কিছু এলাকায় আজ ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
মুন্সিগঞ্জ, ২১ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় লিকেজযুক্ত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও টাই-ইন কাজের জন্য আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দীর্ঘ সাড়ে নয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।
মুন্সিগঞ্জ তিতাস গ্যাস কতৃপক্ষের ম্যানেজার ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম জানান, আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টা হতে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মেরামত কাজ চলবে। এই সময়ে মুন্সিগঞ্জ শহর, ফেরিঘাট এলাকা, ডিসি অফিস, মুন্সিগঞ্জ জেলখানা, সিপাহিপাড়া, বড়লিয়া, মোস্তফাগঞ্জ, শ্রীনগর এবং সিরাজদিখান ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
এছাড়া পৌরসভার ১০তলা ভবন হতে মোল্লা প্লাজা সুপার মার্কেট পর্যন্ত এলাকায় পাইপলাইন প্রতিস্থাপনের মূল কাজটি চলবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মেরামত কাজ চলাকালীন উল্লিখিত এলাকাগুলোর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। কাজ শেষ হওয়া মাত্রই সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।


