মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে
মুন্সিগঞ্জ, ১ ডিসেম্বর, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
দ্বিতীয় দফায় পৌরসভা ভোটের অংশ হিসেবে মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা হতে পারে।
নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় দফায় ৫৭টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণ হবে। সে লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।
প্রত্যেকটি ধাপে ইভিএমে ভোট হবে ৩০টির মতো পৌরসভায়। বাকিগুলোয় ব্যালটে ভোট হবে।
রোববার নির্বাচন কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের সভা হয়।
কমিশনের সিদ্ধান্তের বিষয়ে ইসি সচিব আলমগীর বলেন, “আর তিনটি ধাপে ১৬৯ পৌরসভায় নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় ধাপের ভোট মধ্য জানুয়ারি, তৃতীয়ধাপের ভোট জানুয়ারির শেষের দিকে। আর চতুর্থ ধাপের ভোট হবে মধ্য ফেব্রুয়ারিতে।”
জানুয়ারির মাঝামাঝি সময়ে দ্বিতীয় ধাপে ৬০টির মত পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি সপ্তাহে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এবার মোট চারটি ধাপে ১৯৪টি পৌরসভার ভোট হবে। ইতিমধ্যে প্রথম ধাপে ২৫টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে।


