মুন্সিগঞ্জে হামে হাসপাতালে ভর্তি দুই জমজ বোনের অবস্থার উন্নতি, জেলায় শনাক্ত ২৬
মুন্সিগঞ্জ, ৩১ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। তবে আশার খবর হচ্ছে, এখন পর্যন্ত কোনো শিশুর অবস্থাই গুরুতর নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
এর মধ্যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি থাকা জমজ দুই শিশু রাফিয়া ও রুবাইয়া (৭ মাস)-এর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তারা জেলার সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকার বাসিন্দা রাসেল হোসেন ও ফাতেমা বেগমের সন্তান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭-৮ দিন ধরে জ্বর ও শরীরে ফুসকুড়ি নিয়ে অসুস্থ হয়ে পড়ে শিশু দু’টি। পরে তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর জানান, “হামে আক্রান্ত হয়ে বর্তমানে দুই শিশু হাসপাতালের বিশেষায়িত ওয়ার্ডে ভর্তি আছে। তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থার উন্নতি হয়েছে।”
জেলা সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার জানান, জেলায় মোট ২৬ জন শিশু হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তবে কারো অবস্থাই আশঙ্কাজনক নয় এবং অধিকাংশই চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠছে।
স্বাস্থ্য বিভাগ বলছে, হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা এবং শিশুদের টিকাদান নিশ্চিত করা জরুরি।
এদিকে হামের সংক্রমণ ঠেকাতে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি শিশুদের পরিচ্ছন্নতা ও পুষ্টিকর খাবারের দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।


