২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:৫৬
মুন্সিগঞ্জে শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেছে বৃদ্ধ নারীর, চালক আটক
খবরটি শেয়ার করুন:
248

মুন্সিগঞ্জ, ১৯ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরির কাভার্ড ভ্যান চাপায় আকলিমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় পেয়ারা বেগম (৫০) নামের আরেক নারী গুরুতর আহত হন। এ ঘটনায় অভিযুক্ত কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে মুন্সিগঞ্জ-শ্রীনগর সড়কের হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকলিমা বেগম সিরাজদিখান উপজেলার খোরশাই গ্রামের মৃত সেরাজুল শেখের স্ত্রী ও গুরুতর আহত পেয়ারা বেগম (৫০) একই উপজেলার দেবপোড়া গ্রামের মৃত আফজাল শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই নারী সিরাজদিখান থেকে হাতিমারা এলাকায় মেলায় কাপড় কিনতে আসেন। মেলার কাছে রাস্তা পারাপারের সময় শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। দুর্ঘটনার পর দুই নারীকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকলিমা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পেয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, দুর্ঘটনার পর শাহ সিমেন্টের ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।