মুন্সিগঞ্জে মাদক মামলায় ১ আসামির ৫ বছর ও ৩ জনের ৩ বছর করে কারাদণ্ড
মুন্সিগঞ্জ, ১৫ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ আটক মামলায় ১ আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ অপর আরও ৩ আসামিকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। রায় প্রচারের সময় আসামিরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ লিটন (৪১) সদর উপজেলার রমজানবেগ এলাকার আব্দুল বাতেন মাস্টারের ছেলে, একই উপজেলার পূর্বশিলমন্দি গ্রামের আলী আক্কাস কাজীর ছেলে নয়ন কাজি (২২) ও মৃত আরশেদ আলির ছেলে মো. পাভেল (২৪), জোড়পুকুর পাড় গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আলামিন পিপলস (২৩)।
এসব তথ্য নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. বুলবুল আহম্মেদ।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ অক্টোবর বেলা পৌনে ১১ টার দিকে উপজেলার পূর্বশিলমন্দি গ্রামের আক্কাস আলির বসত ঘরের সামনে উঠানের উপর মাদক ক্রয় বিক্রয়ের সময় পুলিশের টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামিদের আটক করা হয়।
এ সময় লিটনের কাছ থেকে ৫৮ পিস ইয়াবা, নয়ন কাজির কাছ থেকে ৩ পিস ইয়াবা, পাভেলের কাছ থেকে ২ পিস ইয়াবা ও আলামিন পিপলসের কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় সদর থানার এসআই মো. আসলাম হোসেন বাদী হয়ে ঘটনার দিন মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করে আসামিদের আদালতে প্রেরণ করেন।
বিচারিক আদালতে তিনজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের দোষী সাব্যস্ত করে বিচারক ওই রায় ঘোষণা করেন।
এ ব্যাপারে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন জানান, মাদক মামলায় ১ আসামিকে ৫ বছর ও ৩ আসামিকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসাথে প্রত্যেকের বিরুদ্ধে অর্থদণ্ড ঘোষণা করা হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করেন।


