মুন্সিগঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেছে শ্রমিকের
মুন্সিগঞ্জ, ২ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর নিচে ঝাকি জাল ফেলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃত আবু বক্কর সিদ্দিক নওগাঁ জেলার মৃত পরেশ আলী মণ্ডলের ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুন্সিগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গতকাল বুধবার সকাল ৯টার দিকে গজারিয়ার জামালদী এলাকায় মেঘনা সেতুর নিচে ঝাকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন আবু বক্কর সিদ্দিক। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি টিম অভিযান চালিয়ে আজ বেলা ১১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।
পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।


