মুন্সিগঞ্জে মনোনয়ন না পেয়ে একসাথে হাত মেলালেন দুই বঞ্চিত বিএনপি নেতা
মুন্সিগঞ্জ, ৪ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির দলীয় মনোনয়নের খসড়া তালিকায় স্থান পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক শেখ মো. আব্দুল্লাহ।
তার সাথে এই আসনটিতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মমিন আলী।
মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত যেখানে মুখ দেখাদেখি বন্ধ ছিলো একে অপরের। সেখানে মনোনয়ন ঘোষণার পর ঘটা করে অনুষ্ঠান করে হাত মেলাতে দেখা গেছে বঞ্চিত দুই নেতাকে।
দেখুন এ নিয়ে আমাদের ভিডিও প্রতিবেদন:
বুধবার দুপুরে শ্রীনগর এলাকায় শোডাউন দেন মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও জেলা বিএনপির আহবায়ক সদস্য মমিন আলী। তাদের সাথে একাত্মতা জানিয়ে যোগ দেন জেলা বিএনপির আরেক নেতা আব্দুল কুদ্দুস ধীরন।
এদিকে দলীয় মনোনয়ন ঘিরে শ্রীনগর বিএনপির শীর্ষ নেতারা এক মঞ্চে হাজির হওয়ায় কানাঘোষা বাড়ছে এলাকায়।
শেষ পর্যন্ত কেন্দ্রীয় বিএনপি মনোনয়ন পরিবর্তন না করলে কোনদিকে যাবে শ্রীনগরের রাজনীতি। সেদিকে নজর রাখছেন সাধারণ ভোটাররা।
অন্যদিকে, দলীয় নেতাকর্মীরা তাকিয়ে আছেন নেতাদের দিকে। বিদ্রোহী প্রার্থী কে হবেন নিজেদের মধ্যে আলোচনা করছেন তারা।


