মুন্সিগঞ্জে ভাষা দিবসের আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
মুন্সিগঞ্জ, ২১ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
যথাযোগ্য মর্যাদায় মুন্সিগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।
অনুষ্ঠান শেষে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সভায় বক্তারা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ উৎসর্গকারী শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
তারা বলেন, সালাম, বরকত, রফিক ও জব্বারের মতো ভাষা শহিদদের আত্মত্যাগই বাঙালির স্বাধিকার আন্দোলনের ভিত্তি গড়ে দিয়েছিল, যা পরবর্তীতে স্বাধীনতার পথ প্রশস্ত করে এবং ২০২৪-এর জুলাই আন্দোলনের পথ প্রদর্শন করে। এই চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে বক্তারা মন্তব্য করেন।
আলোচনা সভার শুরুতে দুইজন শিক্ষার্থী ভাষা আন্দোলন নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং আরও দুজন শিক্ষার্থী ভাষা আন্দোলন উপজীব্য কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব।
এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সিগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি হরগঙ্গা কলেজ ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষদ্বয়, এনএসআই-এর যুগ্ম পরিচালক, জুলাই যোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


