মুন্সিগঞ্জে বিক্রির সময় ৬১০পিস ইয়াবাসহ দুই বোন হাতেনাতে ধরা
মুন্সিগঞ্জ, ২২ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে ৬১০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। সম্পর্কে তারা দুই বোন।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার কুমারভোগ ইউনিয়নের ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কুমারভোগ ঈদগাহ এলাকার মো. মতিউর রহমান ওরফে মতি মাতবরের দুই মেয়ে ইতি আক্তার (২৫) ও কাকলী আক্তার (৩৬)।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিদুল ইসলামের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদসহ ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কুমারভোগ ঈদগাহ এলাকায় অবস্থান নেয়।
সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে ইতি ও কাকলীকে আটক করা হয়। পরে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩টি নীল রঙের জিপার প্যাকেটে থাকা মোট ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে পুলিশ এই মাদক জব্দ করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।


