মুন্সিগঞ্জে বাসা থেকে বেরিয়ে ৪ দিন ধরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ
মুন্সিগঞ্জ, ১৭ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের স্বরসতি এলাকা থেকে সুফিয়া বেগম (৬৩) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মুন্সিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে স্বরসতি এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে যান সুফিয়া বেগম। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ বৃদ্ধার মেয়ে কহিনুর বেগম বুধবার (১৭ জুন) মুন্সিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, তার মা মানসিকভাবে অসুস্থ এবং মাঝে মধ্যেই অসংলগ্ন আচরণ করেন। নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ সুফিয়া বেগমের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের স্বরসতি গ্রামে। পরিবারের পক্ষ থেকে তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ অথবা মোবাইল নম্বর ০১৯২৯-৫৮৬৯৪৯-এ জানানোর অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, জিডি গ্রহণ করা হয়েছে এবং নিখোঁজ বৃদ্ধার সন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।









