মুন্সিগঞ্জে আ. লীগের মিছিল, ৯৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
মুন্সিগঞ্জ, ১৯ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় ৯৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় উপজেলার বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় সিরাজদিখান থানার সাব ইন্সপেক্টর (এস আই) নাহিদ মাসুদ বাদী হয়ে মামলাটি করেন ।
এতে স্থানীয় ৪৫ জন যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীর নামোল্লেখসহ আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেয়ার দায়ে ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মন্টু ভূইয়া (৩০), মো. নাইম শেখ উজ্জল (২২), মো. হায়দার শেখ (২২), রহিম শেখ (২৪), মো. মকবুল হোসেন (৫৪), ইউসুফ শেখ (৪৯), বাচ্চু সরকার (৪৮), আলমগীর হোসেন (৫০), মো. হালিম বেপারী (৩৮) ও মো. সজিব মোল্লা (৩৬)।
প্রসঙ্গত; শেখ হাসিনার রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির সমর্থনে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯ টায় সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে পুলিশের টহল দলের সামনে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ। এ ঘটনায় পুলিশের টহল টিমে থাকা সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান সিকদারসহ দুই কনস্টেবল বাদশা মিয়া ও সফিকুলকে প্রত্যাহার করা হয়।


