মুন্সিগঞ্জে পরীক্ষা কেন্দ্রের সামনে ৩ রাউন্ড গুলিবর্ষণ, হাতেনাতে যুবককে ধরলো পুলিশ
মুন্সিগঞ্জ, ২৯ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে ১৪৪ ধারা ভেঙে প্রাইভেটকারে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
এসময় অভিযুক্ত ওই যুবককে ২ রাউন্ড গুলি, একটি ২২ বোরের রিভলবার, ৭০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ আটক করেছে পুলিশ। ধস্তাধস্তিতে আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য।
রোববার দুপুর সোয়া ১টার দিকে পরীক্ষা কেন্দ্রের পাশে পূর্ব দেওসার এলাকায় এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর এ ঘটনা ঘটে।
আটক সাব্বির হোসেন ওরফে দিপু (২৯)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাজদাইর এলাকার হাজী আবুল কালাম তালুকদারের ছেলে।
আহতরা হলেন, হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক (৪২), পুলিশ সদস্য সাজেদুর রহমান (২৬) ও রবিউল আলম চৌধুরী (৪৯)।
উপস্থিত পুলিশ সদস্যরা জানান, লোকজন জড়ো হতে দেখে এগিয়ে গেলে ৩ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক। এসময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। তবে, সাথে থাকা দুইজন পালিয়ে যেতে সক্ষম হন।
এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম। তিনি জানান, আটক সাব্বির হোসেন একাধিক অস্ত্র-মাদক মামলার আসামি। এছাড়া তিনি যে ৩ রাউন্ড গুলিবর্ষণ করেছেন সেগুলোর খোসা জব্দ করা হয়েছে।


