মুন্সিগঞ্জে নিখোঁজের ৪১ দিন পর মিললো বৃদ্ধের হাড়গোড়-মাথার খুলি, মামলা দায়ের
524

মুন্সিগঞ্জ, ৩ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সরদারকান্দি গ্রামে ৪১ দিন ধরে নিখোঁজ এক বৃদ্ধের মাথার খুলিসহ শরীরের হাড়গোড় উদ্ধার হয়েছে।

পূর্বে থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির সূত্র ও ঘটনাস্থলের আলামত দেখে পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সদর থানা পুলিশ একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে মানবদেহের হাড়গোড় ও পাশের ক্ষেত থেকে মাথার খুলি উদ্ধার করে। এসময় মরদহের পাশ থেকে ওই বৃদ্ধের পরিধেয় লুঙ্গি ও একটি ফাঁস লাগানোর দড়ি পাওয়া যায়।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উদ্ধারকৃত কঙ্কাল চরবানিয়াল এলাকার মো. রমজান আলীর (৬৪)। তিনি গত অক্টোবর মাসের ২২ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। ২৭ তারিখ এ ঘটনায় তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেন। গতকাল কঙ্কাল উদ্ধারের পর পরিবারের সদস্যরা বৃদ্ধের পরিধেয় বস্ত্র দেখে প্রাথমিকভাবে তাকে শনাক্ত করেন।

তবে পুরোপুরি নিশ্চিত হতে কঙ্কালের ডিএনএ পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, ঘটনাটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। মরদেহ ক্ষেতের মাঝখানে পরে থাকায় শিয়াল ও অন্যান্য পশু মাংস ও শরীরের বেশ কিছু নরম হাড় খেয়ে ফেলেছে।

ওসি আরও বলেন, মৃত ব্যক্তি ব্যক্তিগত জীবনে দুইটি বিয়ে করেছিলেন। প্রথম ঘরে তার ৫ সন্তান ছিলো। দ্বিতীয় স্ত্রীর ঘরেও সন্তান ছিলো। এসব নিয়ে পারিবারিক কিছুটা সন্দেহ আছে। তাই বিষয়টি পুলিশ গুরুত্বের সাথেই খতিয়ে দেখছে। এ ঘটনায় গতকালই থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ