১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ১২:০৯
মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পেট্রোল দিয়ে পোড়ালো দুবৃত্তরা!
খবরটি শেয়ার করুন:
237

মুন্সিগঞ্জ, ৩ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শাখারীবাজার এলাকায় জমি নিয়ে স্থানীয় প্রভাবশালী ও প্রতিবেশীদের সাথে বিরোধের জেরে ইলিয়াস শেখ (৬০) নামের এক বৃদ্ধকে মধ্যরাতে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে দুবৃত্তদের বিরুদ্ধে।

আহত অবস্থায় ওই বৃদ্ধ বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রয়েছেন। তার শরীরের মাথা থেকে বুক পর্যন্ত অংশ পুড়ে চামড়া ঝলসে গেছে বলে স্বজনরা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে৷

আহত ইলিয়াস শাখারীবাজার গ্রামের ভুইয়াবাড়ি এলাকার লাল মিয়া শেখের পুত্র। তার ৩ ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তবে, তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন।

বৃদ্ধ ইলিয়াসের মেয়ে বিথি আক্তার অভিযোগ করে বলেন, আমার বাবার নিজ নামে থাকা ৮০ শতাংশ জমি নিয়ে স্থানীয় প্রভাবশালী ও রাজনীতির সাথে যুক্ত কতিপয় ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। তারা জমিটি দখল করে নিতে চাইছে। এজন্য প্রায়ই আমার বাবাকে মারধর করে ওই লোকজন। এর মধ্যে গতকাল রাত দুইটার দিকে হঠাৎ শরীরে আগুন নিয়ে আমার দরজায় ছুটে আসেন বাবা। পরে তাকে দ্রুত শরীরে পানি ঢেলে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।

বিথি বলেন, আমার বাবা আমাদের কাছে বলেছেন, যেই ব্যক্তি আগুন দিয়েছেন তিনি গামছা পরিহিত অবস্থায় ছিলেন এবং তার ধারণা জমি নিয়ে বিরোধকারীরাই এ ঘটনা ঘটিয়েছেন। তবে তিনি কারও নাম বলতে পারেননি।

স্থানীয় সূত্র জানিয়েছে, ওই বৃদ্ধ রাতে তার জমিতে সাইনবোর্ড টানাতে গিয়েছিলেন।

হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ আহতের স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলেছে। এ ঘটনায় থানায় অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।