১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৬:৫০
মুন্সিগঞ্জে ছাত্রশিবিরের আয়োজনে হরগঙ্গা কলেজ অনার্স শিক্ষার্থীদের নবীন বরণ
খবরটি শেয়ার করুন:
174

মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ছাত্রশিবিরের আয়োজনে সরকারি হরগঙ্গা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরাতন কাচারি এলাকায় জেলা শিল্পকলা একাডেমিতে সরকারি হরগঙ্গা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে অনার্স প্রথম বর্ষের (২০২৪-২৫) নবীন শিক্ষার্থীদের বরণ ও ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে অনুষ্ঠানটি হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী।

বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনই প্রমাণ করেছে, শিবির এখন শিক্ষার্থীদের দ্বারে অবস্থান করছে। আমরা শিক্ষার্থীদের মাঝে সৎ, দক্ষ ও আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছি।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবু ইউসুফ। তিনি বলেন, ‘শিবির হচ্ছে দেশে সৎ ও আদর্শ মানুষ তৈরির প্রতিষ্ঠান। শিবিরের হাত ধরে অসংখ্য নেতৃত্ব এখন দেশ গঠনের কাজে নিয়োজিত।’

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার পরিকল্পনা, মৌলিক স্বচ্ছতা ও রাজনীতিতে নৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন।

এছাড়া সরকারি হরগঙ্গা কলেজ শিবিরের সাবেক সভাপতি শাহীন আহমেদ কুরআনের আলোকে নসিহতমূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ছাত্র শিবির সভাপতি মুজাহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি আল আমিন ইসলাম এবং কলেজ শিবিরের নেতৃবৃন্দ।

সাংস্কৃতিক পর্বে পরিবেশনা করে নবজাগরণ শিল্পীগোষ্ঠী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, কলেজ সেক্রেটারি আজিজুল হাকিম এবং সভাপতিত্ব করেন কলেজ শিবির সভাপতি আব্দুল্লাহ মুজাহিদ। শেষে বইপাঠ প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।