মুন্সিগঞ্জে ঘরের তালা ভেঙে প্রবাসীর বাড়িতে চুরি
মুন্সিগঞ্জ, ৩০ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঘরের তালা ভেঙে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের ফ্রান্স প্রবাসী আব্দুল লতিফের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, এ ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ সম্প্রতি ফ্রান্স থেকে পরিবারের জন্য মূল্যবান মালামাল পাঠান। ঘটনার দিন তার স্ত্রী স্বামীর পাঠানো মালামাল ঘরে রেখে বসতঘর তালাবদ্ধ করে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান। ওইদিন তিনি ডাক্তার দেখানোর পর স্বামীর বাড়িতে না ফিরে পিত্রালয়ে চলে যান। এদিকে ফাঁকা বাড়ি পেয়ে অজ্ঞাত চোরেরা ঘরের তালা ভেঙে নগদ ৫০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, অ্যাপল ল্যাপটপ, আইফোন, আইপ্যাড, আইপিএস ও লাগেজ ভর্তি কসমেটিকসসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পরদিন সকালে আব্দুল লতিফের স্ত্রী বাড়িতে ফিরে দেখতে পান তার ঘরে চুরি হয়েছে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে।


