মুন্সিগঞ্জে ঘরের আড়ায় ঝুলছিলেন স্ত্রী, সন্তান নিয়ে স্বামী নিখোঁজ
33

মুন্সিগঞ্জ, ৭ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পূর্ব বালিগাঁও এলাকায় ভাড়া বাসা থেকে আসমা আক্তার (আসমা খাতুন) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পূর্ব বালিগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা মুহসিন উদ্দিন (মোহাসিন মাতুব্বর)-এর স্ত্রী।

ঘটনার পর থেকে চার বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে ইমাম নিখোঁজ থাকায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

গতকাল সোমবার (৬ জুলাই) রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে টংগিবাড়ী থানা-পুলিশ পূর্ব বালিগাঁও এলাকার একটি টিনশেড ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের ওমর আলী মাতুব্বরের ছেলে মাওলানা মোহাসিন মাতুব্বর গত ছয় মাস ধরে পূর্ব বালিগাঁও জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় চার মাস ধরে তিনি স্ত্রী আসমা খাতুন ও চার বছর বয়সী কন্যাকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। আসমা খাতুন স্থানীয় শিশুদের বাসায় গিয়ে আরবি পড়াতেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার বিকেল চারটার দিকে মাওলানা মোহাসিন বাড়ির মালিক মো. নুর ইসলামকে ফোন করে তার স্ত্রীর খোঁজ নিতে বলেন।

ফোনে তিনি দাবি করেন, সকাল আনুমানিক ১১টার দিকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রীকে ঝুলতে দেখেন। পরে ওড়না কেটে নিচে নামিয়ে নাক-মুখে পানি দিলেও কোনো সাড়া পাননি। এতে ভয় পেয়ে চার বছর বয়সী মেয়েকে নিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান।

স্থানীয় বাসিন্দা কুরবান আলী বলেন, ইমামের বাড়ি এ জেলায় নয়। তিনি পূর্ব বালিগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের বাড়িতে ভাড়া থেকে মসজিদে ইমামতি করতেন। বিকেলে ইমাম নুরুল ইসলামকে ফোন করে স্ত্রীর বিষয়ে খোঁজ নিতে বললে স্থানীয় লোকজন গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতের স্বামী ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ায় এখনো তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া সম্ভব হয়নি। নিখোঁজ ইমাম ও তাঁর সঙ্গে থাকা শিশুকন্যার সন্ধানে কাজ করছে পুলিশ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ