মুন্সিগঞ্জে কাল আসছে ‘ভোটের গাড়ি’: শহিদ মিনারে থাকবে টানা আড়াই ঘণ্টা
মুন্সিগঞ্জ, ২৭ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী প্রচারণায় নেমেছে বিশেষ বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।
এই প্রচারণার অংশ হিসেবে আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) মুন্সিগঞ্জ সদরে অবস্থান করবে এই ‘ভোটের গাড়ি’।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত টানা আড়াই ঘণ্টা মুন্সিগঞ্জ জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থান করবে ক্যারাভানটি।
অবস্থানকালীন সময়ে ক্যারাভান থেকে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর প্রস্তাবিত গণভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও এর তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হবে। আধুনিক প্রযুক্তি ও তথ্য সংবলিত এই ক্যারাভানটি মূলত নাগরিকদের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে সচেতন করতে সারাদেশে পরিভ্রমণ করছে।
মুন্সিগঞ্জ সদরের এই বিশেষ প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করতে এবং নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন তথ্য সশরীরে জানার জন্য জেলার সর্বস্তরের মানুষকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।


