মুন্সিগঞ্জে একই দিনে ৩ নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জ, ২২ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
নদী বেষ্টিত মুন্সিগঞ্জ জেলার পৃথক ৩ নদী থেকে নিখোঁজ এক শিশুসহ অজ্ঞাত দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে।
আজ শুক্রবার দিনের পৃথক সময়ে এই মরদেহ উদ্ধার হয়।
জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে সিরাজদিখান উপজেলার তেঘরিয়া এলাকায় ইছামতী নদী থেকে নিখোঁজের একদিন পর শিশু রিফাত সুজনের (১৩) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে গতকাল বৃহস্পতিবার নৌকা বাইচ দেখতে গিয়ে ট্রলারে উঠার সময় পড়ে গিয়ে নদীতে নিখোঁজ হয় সে।
দুপুর দেড়টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকী এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
এরপর একইদিন বেলা তিনটার দিকে মুন্সিগঞ্জ সদরের লঞ্চঘাট সংলগ্ন শাহ্ সিমেন্ট কারখানার পেছনে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আলাদা ঘটনাস্থল থেকে উদ্ধারের পর অজ্ঞাত দুই মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে।
পরিচয় সনাক্ত ও ঘটনা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন নৌ-পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন।


