২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:২৪
মুন্সিগঞ্জে আগুন লাগার পর বের হতে না পারায় ঘরেই প্রাণ গেছে অসুস্থ বৃদ্ধার
খবরটি শেয়ার করুন:
171

মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামে আগুন লেগে ঘরের মধ্যেই প্রাণ গেছে অসুস্থ বৃদ্ধা ছামেলা বেগমের (৬৮)। পরে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে গাদিঘাট মিত্বের হাটিতে এ ঘটনা ঘটে।

পরিবার জানায়, মৃত ছামেলা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। ঘটনার সময় তার স্বামী আব্দুর রাজ্জাকসহ পরিবারের অন্যান্য সদস্যরা মেয়ের বাড়ি শ্রীনগর উপজেলার টেক্কা মার্কেটে অবস্থান করছিলেন। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ করে বসত ঘরে আগুনের সূত্রপাত ঘটে। অসুস্থতার কারণে ছামেলা বেগম ঘর থেকে বের হতে না পারায় তিনি আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে আব্দুর রাজ্জাকের বসতবাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও পরবর্তীতে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।