১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৯:৪৬
মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি
খবরটি শেয়ার করুন:
84

মুন্সিগঞ্জ, ১৭ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকহাটি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, পাইপগান, গুলি, দেশীয় অস্ত্র ও ৩৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

পরে বিকালে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার একটি টিম ছোট মাকহাটি গ্রামের গাজী বাড়িতে অভিযান চালায়।

অভিযানে প্রথমে কৌশলে পালানোর সময় রাসেল শিকদার (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক শুভ গাজীকে (৩৭) আটক করে তার কাছ থেকে আরও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় ঘরের ভেতর সন্দেহজনক অবস্থায় থাকা আল আমিন মাঝিকে (৩২) আটক করা হয়। তার দেহ তল্লাশি করে কোমরে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই কক্ষ থেকে একটি দেশীয় তৈরি পাইপগানও উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে ঘর তল্লাশি করে ছুরি, দা, হাতুড়ি ও লোহার পাইপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। তাদের মধ্যে আলআমিন মাঝি একটি হত্যা মামলার পলাতক আসামি এবং এলাকায় অস্ত্র নিয়ে বিভিন্ন সংঘর্ষে অংশ নিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।