মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে সংঘর্ষে পুলিশের লুট হওয়া অস্ত্র! ভিডিও আমার বিক্রমপুরে
মুন্সিগঞ্জ, ১২ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে ‘আমার বিক্রমপুর’।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মহেশপুর এলাকায় ধারণ করা ভিডিওটিতে কয়েকজনকে আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। এর মধ্যে একাধিক অস্ত্র ২০২৪ সালের আগস্টে থানা থেকে লুট হওয়া বলে পুলিশের একাধিক সূত্র দাবি করেছে।
ভিডিওতে থাকা অন্তত দুজনকে শনাক্ত করেছে ‘আমার বিক্রমপুর’। তাঁরা হলেন মহেশপুরের ইউসুফ হাসানের ভাই খলিল হোসেন ও জাহাঙ্গীরের ভাগিনা ফয়সাল।
ভিডিও:
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে।
বিস্তারিত ভিডিও প্রতিবেদন:
তাঁরা হলেন- নোয়াদ্দা এলাকার বোরহান সিকদার (৪৮), দিদার ঢালী (৫০), সানি সরদার (২৫) ও দিদার সরদার (৫০)। তাঁরা সবাই ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লার পক্ষের সমর্থক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা।
অপর পক্ষের নেতৃত্বে আছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আওলাদ হোসেন মোল্লা। আসন্ন ইউপি নির্বাচনে এক পক্ষ থেকে আওলাদ হোসেন এবং অপর পক্ষ থেকে রহিম মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, যখন যে দল ক্ষমতায় থাকে, মোল্লাকান্দিতে সেই দলের নেতারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের হয়ে সংঘর্ষে জড়ান। আওয়ামী লীগ সরকারের আমলেও এ দুই পক্ষ সক্রিয় ছিল। তখন বিএনপির সমর্থকেরা দুই পক্ষের হয়ে সংঘর্ষে জড়াতেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আধিপত্য বিস্তারের লড়াইয়ে সামনে আসেন বিএনপির নেতারা। এরপর থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও মারামারির ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ নভেম্বর চরডুমুরিয়া বাজারে অবস্থানকালে বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই জেরে বুধবার রাতে আওলাদ হোসেনের পক্ষের লোকজনের হামলায় নোয়াদ্দা এলাকার চারজন গুলিবিদ্ধ হন বলে অভিযোগ করেন রহিম মোল্লার পক্ষের লোকজন।
পরে আজ বৃহস্পতিবার ভোরে রহিম মোল্লার লোকজন চরডুমুরিয়া বাজারে এসে আওলাদের সমর্থকদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ ওঠে। পরে নয়াকান্দি কংসপুরা, চৈতারচর, চরডুমুরিয়া, সামারচর ও মোল্লাকান্দি গ্রামে হামলা, পাল্টাপাল্টি হামলা, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ছড়িয়ে পড়ে। সকালে চরডুমুরিয়া বাজারে পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণ করা হয়।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফাহমিদা লস্কর বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চারজন এবং বৃহস্পতিবার সকাল সাতটার দিকে একজনসহ মোট পাঁচজন চোখে ও শরীরের বিভিন্ন অংশে পিলেটবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রহিম মোল্লার পক্ষের মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউর রহমান অভিযোগ করেন, বুধবার রাতে তাঁদের পক্ষের বোরহান শিকদারের বাড়ির পাশে কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে তাঁরা নোয়াদ্দা শিকদারবাড়ির সেতুর সামনে গেলে সেখানে বোরহানসহ পাঁচ থেকে ছয়জনের ওপর পেছন থেকে গুলি করা হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন। পরে ভোরে তাঁদের লোকজনের অবস্থান লক্ষ্য করে আবারও গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। নিজেদের নিরাপত্তার স্বার্থে তাঁরা প্রতিরোধ গড়ে তুলে পাল্টা হামলা করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওলাদ হোসেনের পক্ষের মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। তাঁর দাবি, সংসদ নির্বাচনের পর থেকে রহিম মোল্লার লোকজন ইউনিয়নের বাইরে ছিলেন। ২১ দিন আগে তাঁরা গ্রামে ফিরেছেন। এরপর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁদের লোকজনকে দেখলেই হুমকি-ধমকি ও মারধর করা হচ্ছিল। বুধবার রাতেও তাঁদের একজনকে মারধর করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁদের ওপর হামলা হলে তাঁদের লোকজনও পাল্টা হামলা চালান।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তছলিম উদ্দিন বলেন, পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব ঘটনায় এখনো কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের লুটকৃত অস্ত্র ব্যবহারের বিষয়ে ওসি বলেন, অস্ত্র উদ্ধার ছাড়া নিশ্চিত করে বলা যাবে না এখানে পুলিশের অস্ত্র আছে কি না। পুলিশের বিভিন্ন মডেলের শটগান হয়ে থাকে। আর মুন্সিগঞ্জে ১টি মাত্র শটগান মিসিং আছে। আমার বিক্রমপুরে প্রকাশিত ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে।







