মুন্সিগঞ্জের পার্শ্ববর্তী চর কিশোরগঞ্জে যুবক নিখোঁজ, দুই বন্ধুর বিরুদ্ধে অপহরণের অভিযোগ পরিবারের
মুন্সিগঞ্জ, ২৬ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার উমায়ের হাসান (২৫) নামে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় নিখোঁজ যুবকের মা মোসা. আনার কলি বাদী হয়ে সোনারগাঁ থানায় দুই বন্ধুর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— চর হোগলা (গাজীবাড়ি) এলাকার মো. সোহাগ (২২) এবং বায়েজিদ (২২)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাতে খাবার খেয়ে নিজ বাসায় ঘুমিয়ে ছিলেন উমায়ের। দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অভিযুক্ত সোহাগ ও বায়েজিদ তাকে ফোন করে বাইরে ডেকে নেয়। এরপর থেকে উমায়ের আর বাসায় ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ যুবকের মা আনার কলি জানান, “বিবাদী সোহাগ ও বায়েজিদ আমার ছেলের দীর্ঘদিনের পরিচিত। ওই রাতে তাদের ফোন পেয়েই উমায়ের বাইরে যায়। পরদিন সকালে বিবাদীদের এলাকায় দেখা গেলেও পরে তাদেরসহ আমার ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি তাদের মোবাইল নম্বরও এখন বন্ধ রয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, বিবাদীরা তার ছেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে বলে তাদের ধারণা।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিখোঁজ যুবককে উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


