মুন্সিগঞ্জের ছেলের বাংলাদেশের প্রথম এআই চালিত ইংরেজি শেখার প্ল্যাটফর্ম, যাচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়
মুন্সিগঞ্জ, ৮ ডিসেম্বর ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরের ছেলে, মাত্র ১৭ বছর বয়সী অর্ণব দত্তের নেতৃত্বে Team EngloVoice আগামী বছরের জানুয়ারিতে থাইল্যান্ডে অনুষ্ঠেয় World Youth STEM Innovation and Invention Competition-এর ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।
এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ ৫০টিরও বেশি দেশ অংশ নেবে।
EngloVoice বাংলাদেশের প্রথম AI চালিত ইংরেজি শেখার প্ল্যাটফর্ম। মাত্র দুই তরুণ– অর্ণব দত্ত ও মাহবুব তাজ – এই স্টার্টআপ গড়ে তুলেছেন। তারা ওয়ার্ল্ড ব্যাংক সমর্থিত দেশের সবচেয়ে বড় অ্যাকসেলারেটর প্রোগ্রাম Accelerating Bangladesh থেকে গ্র্যাজুয়েট হয়েছেন। বর্তমানে তাদের প্ল্যাটফর্মে ১০ হাজারের বেশি সক্রিয় শিক্ষার্থী রয়েছে।
শ্রীনগরে জন্ম ও বেড়ে ওঠা অর্ণব দত্ত প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা শেষ করেছেন এখানেই। বর্তমানে তিনি ঢাকা সিটি কলেজে পড়ছেন। তার সঙ্গে দলে রয়েছেন খৈরম অনিক সিংহ, রিদম মুন্সী, এমডি নাভিদ আজমান ও মো. ফাহিম মুনকার।
অর্ণব বলেন, “মুন্সিগঞ্জের মাটি আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। এই অর্জন শুধু আমার বা আমার টিমের নয়-এটা মুন্সিগঞ্জের, বাংলাদেশের। আমি প্রমাণ করতে চাই, আমাদের তরুণরা বিশ্বের সঙ্গে পাল্লা দিতে পারে।”
মুন্সিগঞ্জবাসীসহ সারা দেশের মানুষের কাছে আরনব ও তার টিমের আহ্বান-“আমাদের পাশে থাকুন, দোয়া করুন। এই বিজয় বাংলাদেশের হবে।”
ওয়েবসাইট: www.englovoice.com


