মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হলেন রাশেদুল ইসলাম আকাশ
মুন্সিগঞ্জ, ১১ জুলাই ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মুন্সিগঞ্জ জেলার মালখানগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাশেদুল ইসলাম আকাশ।
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়েছে। আপাতত নির্দিষ্ট কোনো মেয়াদ দেওয়া হয়নি এই কমিটির।
নতুন সভাপতি রাশেদুল ইসলাম আকাশ মালখানগর ডিগ্রি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের বি.এস.এস. বিষয়ের ছাত্র। তিনি সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামের বাসিন্দা।
সভাপতি নির্বাচিত হওয়ার পর রাশেদুল ইসলাম আকাশ এক প্রতিক্রিয়ায় বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, কলেজ শাখার সকল সহকর্মী ও নেতাকর্মীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব এবং মালখানগর ডিগ্রি কলেজে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে কাজ করে যাব।
এদিকে রাশেদুল ইসলাম আকাশকে সভাপতি হিসেবে মনোনীত করায় তার সহকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, রাশেদুল ইসলাম আকাশ একজন যোগ্য ও পরিশ্রমী ছাত্রনেতা। তিনি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে এসেছেন এবং বিএনপি পরিবারের একজন বিশ্বস্ত সদস্য হিসেবে পরিচিত।


