মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে প্রাণ গেছে নারীসহ ৩ জনের
মুন্সিগঞ্জ, ২১ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় এক্সপ্রেসওয়ের ষোলঘর ছাত্রী ছাউনির সামনে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরমান (২৫), রাইসা (২০) ও তানজিল (২৪)। নিহতদের বিস্তারিত এখনো জানা যায়নি। আহত অপর যাত্রীর নাম রবিন হোসেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মমিন উদ্দিন নিহতের তথ্য নিশ্চিত করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাইভেটকারটি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।


