বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা: মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজ পরীক্ষার্থীদের মোমবাতি ও চার্জার লাইট আনার নির্দেশ
মুন্সিগঞ্জ, ২৯ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
চলমান বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কায় অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের অভিনব এক নির্দেশনা দিয়েছে মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ।
পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন আলো নিশ্চিত করতে শিক্ষার্থীদের নিজ উদ্যোগে মোমবাতি অথবা ছোট চার্জার লাইট সঙ্গে আনতে বলা হয়েছে।
আজ ২৮ এপ্রিল কলেজের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, আগামী ৩০ এপ্রিল থেকে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বর্তমানে বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে যেকোনো সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। এমন অবস্থায় পরীক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে সবাইকে নিজ উদ্যোগে মোমবাতি বা ছোট চার্জার লাইট সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হলো।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিরিন আক্তার ও অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা-২০২৪ পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন কায়েস স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে শিক্ষার্থীদের নজরে আনা হয়েছে।
জানতে চাইলে শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন কায়েস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যেরকম পরিস্থিতি চলছে তাতে যে কোন সময় সমস্যা হতে পারে। এখন সব স্টুডেন্টদের জন্য তো আলাদা আলাদা লাইটের ব্যবস্থা করা সম্ভব না। তাই এ নির্দেশনা।
হঠাৎ করে কর্তৃপক্ষের এমন নির্দেশনায় পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হোক। শিক্ষার্থীরা কেন ব্যবস্থা করবে। তাহলে প্রতিষ্ঠানের দায়িত্ব কি?





