বাংলাদেশ সফরে আশা দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া আশাবাদের কথা শোনাচ্ছে। বাংলাদেশ সফর নিয়ে এখনো আশা দেখছেন তাঁরা। যদিও দেশটির ক্রিকেটারদের সংগঠন অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা ভারত সফরই নয়, অ্যাশেজ সিরিজও বাতিল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।
অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান অ্যালিস্টার নিকোলসন হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, পারিশ্রমিক সংক্রান্ত বিষয় আদালতে উঠলে কেবল বাংলাদেশ ও ভারত সফরই নয়, বাতিল হতে পারে অ্যাশেজ সিরিজও। কারণ আদালতে সমস্যার সুরাহা হতে আরো বেশি সময় লাগবে। ক্রিকেটারদের হয়ে মধ্যস্থতাকারী এই ব্যক্তি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান। আদালতের বাইরেই বিদ্যমান সমস্যা সুরাহার পথ খুঁজছেন তিনি।
এদিকে বাংলাদেশ সফর নিয়ে এখনো আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজকে সামনে রেখে সম্প্রতি পাঁচ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। দেশে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে সন্তোষজনক প্রতিবেদন জমা দিয়েছেন তাঁরা।
গত বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম ম্যানেজার গেভিন ডুভে বলেন, ‘আয়োজকদের নিরাপত্তাব্যবস্থার ছক দেখে আমরা সন্তুষ্ট। নিরাপত্তাজনিত কোনো বিষয় নিয়ে কোনো আপত্তি নেই। ঢাকা ও চট্টগ্রামের ভেন্যুর প্রস্তুতি ও সুযোগ-সুবিধা দেখে আমরা খুশি। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্ব নিরসন হলে যথাসময়েই বাংলাদেশ সফর হবে।’
এদিকে অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নিকোলসন বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে, ক্রিকেটারদের দাবি দাওয়ার প্রয়োজনীয়তাটাকে ভিন্নভাবে দেখা হচ্ছে। আমি নিশ্চিতভাবে বলছি, ক্রিকেটাররা খেলতে চায়। তবে এটাও সত্য যে, তারা তাদের ন্যায্য দাবি আদায় করতে চাচ্ছে। তবে ক্রিকেটার ও এসিএ সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার ধারণাটা খুব একটা ভালো নয়। এই কারণে বিদ্যমান সমস্যাটা সহজে মিটছে না। তবে আমরা পরিষ্কারভাবে আমাদের দাবি বোর্ডকে জানিয়ে দিয়েছি। পুরুষ, নারী ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটারদের পারিশ্রমিক আরো বাড়াতে হবে।’ নিকোলসন আরো জানান, এই কয়েদিনের বিবাদ নাকি ক্রিকেটারদের মনোবল আরো বাড়িয়ে দিয়েছে। তারা আগের চেয়ে অনেক বেশি একাত্ম হয়েছে এবং পরস্পরের প্রতিও তাদের বিশ্বাস বেড়েছে।’





