ফ্যাক্টচেক: ইয়াবা উদ্ধারের ঘটনায় প্রকৃত ছবির বদলে এআই দিয়ে বানানো বিকৃত ছবি প্রচার
মুন্সিগঞ্জ, ১৬ মার্চ ২০২৬, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
গত শনিবার (১৫ মার্চ) রাত প্রায় ৮টা ৫০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ সদর থানার দক্ষিণ ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে মোসা. রুমা বেগম (৩৮) নামে এক নারীকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরে এ ঘটনার তথ্য ও গ্রেপ্তারকৃতের প্রকৃত ছবিসহ গণমাধ্যমকর্মীদের কাছে তথ্য সরবরাহ করে জেলা পুলিশ।
তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফেসবুক পেজে ঘটনাটির বর্ণনা একই রেখে ভিন্ন একটি ছবি ব্যবহার করা হয়েছে। দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করা হয়েছে। ফলে প্রকৃত অভিযুক্ত নারীর আসল ছবি প্রকাশ না পেয়ে ভিন্ন চেহারার একটি ভুয়া ছবি প্রচারিত হয়েছে।
বিষয়টি নজরে আসার পর বিষয়টি ফ্যাক্টচেক করে ‘আমার বিক্রমপুর’। অনুসন্ধানে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি বিকৃত ও ভুয়া।
তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ রাত ১০টা ৫২ মিনিটে হোয়াটসঅ্যাপের জেলা পুলিশ নিয়ন্ত্রিত ‘Munshiganj Media Group’-এ (যেখানে প্রায় ৮৫ জন সদস্য রয়েছেন) জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত এক মিডিয়া কর্মকর্তা ইয়াবা উদ্ধারের তথ্য ও প্রকৃত ছবি সরবরাহ করেন। পরে বিভিন্ন গণমাধ্যমে সেই মূল ছবি ও তথ্য প্রচারিত হয়।
কিন্তু ‘Bikrampurchitra’ ও ‘মুন্সীগঞ্জ মিডিয়া’ নামের দুটি ফেসবুক পেজে এআই দ্বারা তৈরি বিকৃত নারী চেহারার একটি ছবি ব্যবহার করে পোস্ট করা হয়। বাস্তবে এই ধরনের চেহারার কাউকে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ গ্রেপ্তার করেনি।
বিষয়টি নিশ্চিত হতে ‘আমার বিক্রমপুর’ যোগাযোগ করে জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. হাসানের সঙ্গে। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি বিকৃত করা হয়েছে এবং সেটি প্রকৃত ছবি নয়।
গ্রেপ্তারকৃত রুমা বেগম মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকার আব্দুল আজিজের মেয়ে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও পাঁচটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।





