১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৩:২২
পদ্মা সেতুতে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে নিহত ২
খবরটি শেয়ার করুন:
111

মুন্সিগঞ্জ, ১৪ জুন ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

পদ্মা সেতুর ২ নং পিলার বরাবর মুন্সিগঞ্জ অংশের মাওয়ামুখী লেনে শুক্রবার রাত ১০টা ৩৪ মিনিটের দিকে যাত্রী নিয়ে ঢাকার পথে রওনা হওয়া ইমাদ পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকে ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন।

এসময় গুরুতর আহত হয়েছেন অন্তত ৭ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত রাকিব সমাদ্দার খুলনা সদরের বাসিন্দা ও অপর নিহতের পরিচয় প্রাথমিক অবস্থায় জানা যায়নি।

আহতরা হলেন, গোপালগঞ্জের বাসিন্দা মিলটন (২৫), খুলনা জেলার বাসিন্দা- আয়শা সিদ্দিক (১০), শেখ আনিছুর জামান, মো. মামুন, আজাদ গাজী, মো. হাবিব শেখ ও আরিফুল শেখ।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। ধারণা করা হচ্ছে, নিহত ও আহতরা বাসযাত্রী। তাদের বেশিরভাগই বাসের সামনের অংশে বসেছিলেন।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বিষয়টি জানান, জাজিরা থেকে ড্রামে তেল বোঝাই করে ট্রাকটি মাওয়ার পথে আসছিলো। এসময় ২নং পিয়ারের কাছে পৌছালে হঠাৎ ট্রাকটি বিকল অথবা বন্ধ হয়ে যায়। এসময় একই লেনে থাকা ইমাদ পরিবহের বাসটি পেছন থেকে এসে সজোরে ধাক্কা দেয় ট্রাককে। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনে অংশ। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। আহত হয় বেশ কয়েকজন। পরে খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের মধ্য থেকে ৮ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে মৃত্যু হয় আরও একজনের।

এদিকে, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি রাতে পদ্মা সেতু থেকে সরিয়ে নেয়ার কাজ চলছে। বাস থেকে সুস্থ অবস্থায় উদ্ধারকৃত অন্য যাত্রীদের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), ফায়ার সার্ভিসসহ অন্যান্য সরকারি সংস্থার গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হয়েছে।