নির্বাচনে বিপক্ষে অবস্থান নেয়া অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন পরাজিত এমপি প্রার্থী
মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপি নেতা আব্দুল হাকিম মিঝির শারীরিক অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনের পরাজিত এমপি প্রার্থী মো. মহিউদ্দিন।
ওই নির্বাচনে হাকিম মিঝি মো. মহিউদ্দিনের বিপক্ষে গিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতনের পক্ষে অবস্থান নেন।
জানা যায়, চরকেওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মিঝি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন।
তার অসুস্থতার খবর পেয়ে আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকালে দ্রুত তার বাসভবনে যান বিএনপির সাবেক নেতা মহিউদ্দিন। এ সময় তিনি কিছু সময় হাকিম মিঝির শয্যাপাশে অবস্থান করেন এবং তার চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে মহিউদ্দিন বলেন, “আব্দুল হাকিম মিঝি আমাদের দলের একজন অভিভাবক এবং এলাকার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। তাঁর ত্যাগ ও অবদান আমাদের জন্য অনুপ্রেরণা।”
তিনি প্রবীণ এই নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাদাত সরকার ও কাজী আবু সুফিয়ান বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
উল্লেখ্য, অতীতের বিভিন্ন রাজনৈতিক সমীকরণ ও নির্বাচনী অবস্থানে মতপার্থক্য থাকলেও অসুস্থ নেতাকে দেখতে মহিউদ্দিনের এই মানবিক উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।





