৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:০৬
নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ মিললো মাওয়া এক্সপ্রেসওয়ের পাশের খালে
খবরটি শেয়ার করুন:
256

মুন্সিগঞ্জ, ২২ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন খাল থেকে নিখোঁজ এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত চালকের নাম মো. সোহেল মিয়া (২৭)। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করে তাকে হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া ২নং ব্রিজের নিচের খালে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত সোহেল মিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নাগরপাড়া গ্রামের মহল আলীর ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের টেকুরিয়া বনগ্রাম বাজার এলাকায় কামাল মোড়লের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর থেকে সোহেলের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে তার মরদেহ পাওয়া গেলেও তার ব্যবহৃত অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে লাশ খালে ফেলে রেখে গেছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এসব তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা