নতুন কমিটি ঘোষণায় হরগঙ্গা কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল
মুন্সিগঞ্জ, ২৭ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজে নবগঠিত ছাত্রদল কমিটির ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন অন্তত পাঁচ শতাধিক নেতাকর্মী।
বুধবার বিকাল ৫টায় কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে কাচারি মোড় প্রদক্ষিণ শেষে শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আল-আমিন ইসলাম হৃদয়, সদস্য সচিব রোকনউদ্দৌলা রাফসান রাফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ, যুগ্ম আহ্বায়ক সিয়াম সামি ও ওসামা সাজিদ জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১২ আগস্ট জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামালের স্বাক্ষরিত ১০টি শাখা ইউনিটের কমিটি ঘোষণার চিঠি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের ৭৬ সদস্য বিশিষ্ট কমিটিও এ তালিকায় অন্তর্ভুক্ত। এছাড়া, প্রত্যেকটি কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে।





