দাড়ি ফেলে দিয়েও রক্ষা পেলেন না মুন্সিগঞ্জে মাজারে খুনে অভিযুক্ত ফরিদ বেপারি
২৪

মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

দাড়ি ফেলে চেহারায় পরিবর্তন এনে আত্মগোপনে থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি মুন্সিগঞ্জের চাঞ্চল্যকর জাহেদ বেপারী হত্যা মামলার প্রধান আসামি ফরিদ বেপারী।

আজ সোমবার (৯ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরের কালসি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।

মুন্সিগঞ্জ সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা গ্রামের একটি মাজারে ঢুকে জাহেদ বেপারীকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে ফরিদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আত্মগোপনে থাকার সময় নিজের দাড়ি ফেলে চেহারায় পরিবর্তন আনেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বুধবার রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা গ্রামের দয়াল বাবা রুহুল আমিন শাহ মাজারে এ হত্যাকাণ্ড ঘটে। ওই সময় মাজারের একটি কক্ষে অবস্থান করছিলেন জাহেদ বেপারী। অভিযোগ রয়েছে, একই এলাকার ফরিদ বেপারী ধারালো অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

এ সময় জাহেদের চিৎকার শুনে মাজারে থাকা লোকজন এগিয়ে আসেন। স্থানীয় কয়েকজন নারীসহ উপস্থিত ব্যক্তিরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারী ফরিদ সেখান থেকে পালিয়ে যান। পরে স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জাহেদকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত জাহেদ বেপারী পেশায় একজন দিনমজুর ছিলেন। পরিবারে স্ত্রী, তিন মেয়ে ও বৃদ্ধ মা রয়েছেন।

এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে ফরিদ বেপারীকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়। মামলা হওয়ার পর থেকেই তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে রাজধানীর মিরপুর এলাকায় তাঁর অবস্থান শনাক্ত করে সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ