ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন: রক্ষা পেলেন রোগীসহ ৪ জন
মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় একটি চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।
এতে কেউ হতাহত না হলেও বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে গাড়িতে থাকা রোগীসহ চারজন যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন, যার ফলে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।
ফায়ার সার্ভিস সূত্রে আরও জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


