জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে মুন্সিগঞ্জে ৩ দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি
মুন্সিগঞ্জ, ১২ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনের অংশ হিসাবে মুন্সিগঞ্জে ৩ দিনব্যাপী ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
গত ১০ অক্টোবর মুন্সিগঞ্জ সদরের মাকহাটী গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে সচেতনতা, দেশাত্মবোধক ও শিক্ষণীয় দেয়াল চিত্রাঙ্কনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়। ১১ অক্টোবর চলে স্কুল প্রাঙ্গণসহ নির্ধারিত স্থানসমূহে পরিচ্ছন্নতা কার্যক্রম।
পরে আজ রোববার (১২ অক্টোবর) জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্থাপন কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় তিনি শিক্ষার্থীদের বই ও গাছ উপহার দেন এবং পরিচ্ছন্ন, সবুজ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ প্রজন্ম গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শপথ পাঠের মধ্য দিয়ে তিনি ৩ দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
জেলা পরিষদ মুন্সিগঞ্জের সহযোগিতায় বিডি ক্লিন মুন্সিগঞ্জের আইডিয়ায় সংগঠনের সদস্যরা কর্মসূচিটি বাস্তবায়ন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ এবং বিডি ক্লিন মুন্সিগঞ্জের জেলা সমন্বয়ক অমিত হাসান।
এছাড়াও বিডি ক্লিন মুন্সিগঞ্জের দায়িত্বশীল সদস্যবৃন্দ এবং মাকহাটী গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


