৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:৫৮
জাতীয় শিক্ষা সপ্তাহে জেলায় ঘ বিভাগে জারি গানে শ্রেষ্ঠ শ্রীনগরের তাওহীদের দল
খবরটি শেয়ার করুন:
272

মুন্সিগঞ্জ, ১৪ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলা পর্যায়ে জারি গানে ঘ বিভাগে (স্নাতক) শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছেন শ্রীনগর সরকারি কলেজের মো. ইসহাক হোসেন তাওহীদ ও তার দল।

মুন্সিগঞ্জে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় তারা এই সাফল্য অর্জন করে। এর আগে তারা শ্রীনগর উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়।

একক জারি গানের পাশাপাশি দলগত জারি গানেও তার দল শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তার এই দলে সহযোগী হিসেবে অংশগ্রহণ করেন প্রিয়ন্তী বিশ্বাস, বৃষ্টি আক্তার, শাওন, তাজরিন, মিথিলা ও আকাশ।

মো. ইসহাক হোসেন তাওহীদ শ্রীনগর উপজেলার মো. আব্দুল হামেদ শেখ ও সালমা বেগম দম্পতির সন্তান।

সংগীতের প্রতি অনুরাগী তাওহীদ ইতিপূর্বেও বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন। বর্তমানে তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের একজন প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তাওহীদের এই ধারাবাহিক সাফল্যে শ্রীনগর সরকারি কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও সহপাঠীদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।

কলেজের শিক্ষকরা জানান, তাওহীদ পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে অত্যন্ত দক্ষ, যা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা।

নিজের অনুভূতি ব্যক্ত করে তাওহীদ জানান, “জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হতে পারা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমার এই সাফল্যের পেছনে শিক্ষক এবং বাবা-মায়ের দোয়া ও অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল। আমি সবার কাছে দোয়া চাই যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি।”

তার পরিবার ও শিক্ষকরা তাওহীদের ভবিষ্যৎ শিক্ষা ও উত্তরোত্তর সাফল্যের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা