১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৬:০৬
ঘনকুয়াশায় বেপরোয়া ট্রাক, সারাদেশে নিহত ৭, আহত ১০
খবরটি শেয়ার করুন:
104

ঘনকুয়াশার কারণে দিনাজপুর ও গাজীপুরে ও চট্টগ্রামে পৃথক ঘটনায় ট্রাক চাপায় সাতজন নিহত হয়েছেন। এছাড়া টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনার কবলে পড়েছে একসঙ্গে চারটি ট্রাক। এসব ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন।

দিনাজপুরে ট্রাক চাপায় নিহত ৪, আহত ৩

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় দিনাজপুরের পার্বতীপুর কয়লাখনি এলাকায় ঘনকুয়াশার কারণে কাঠবোঝাই ট্রাক চাপায় চারজন নিহত ও অপর ৩ জন আহত হয়েছেন। কয়লা খনি পয়েন্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বড়পুকুরয়িয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ইনচার্জ (এসআই) ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন জাকিরুল ইসলাম (৪৫),ইসমাইল হোসেন (৩৬), রেজাউল করিম (৪০) ও দিলীপ সিংহ। আহত ৩ জনকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনার পর ট্রাক চালক পলাতক রয়েছে।

দুর্ঘটনা কবলিত ট্রাকটি আজ সকালে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম।

তিনি জানান, পার্বতীপুর ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন থেকে এক ট্রাক ইউক্লেপ্টার্স কাটা গাছ নিয়ে ফুলবাড়ী অভিমুখে যাওয়ার পথে ঘনকুয়াশার কারণে কাঠবোঝাই ট্রাকটি বড়পুকুরিয়া কয়লা খনির পয়েন্ট গেটের কাছে খাদে উল্টে পড়ে যায়। এতে কাঠ চাপা পড়ে ঘটনাস্থলে ৪ জন নিহত ও ৩ জন আহত হয়।

গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় নিহত ১

এদিকে গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে শ্রীপুরের এমসি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম  আব্দুস সালাম (৫৫)। তিনি শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার মোমরেজ আলীর ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক (০২-০৮৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি দোকানে ঢুকে যায়। এ সময় দোকানের সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুস সালাম ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি জব্দ হলেও চালক পালিয়েছেন।

ওসি আরও জানান, চালক ট্রাক চালাতে চালাতে ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চট্টগ্রাম মহানগরীর হালিশহর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোহাম্মদ লিটন (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, লিটন তার স্ত্রী হালিমাকে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার পথে একটি বালুুবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে তারা ছিটকে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়। তার স্ত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান হালিশহর থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান।

হাটহাজারীতে দু’টি ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত 

হাটহাজারী থানার কাটিরহাট এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে মোস্তফা (৪০) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। বুধবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা বড়গুনা জেলার পাথরঘাটা থানার বাসিন্দা। তিনি চট্টগ্রামে ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

ঘটনাস্থলে থাকা হাটহাজারী থানার এসআই আনিস আল মাহমুদ বলেন, কাটিরহাট এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাককে (চট্টমেট্রো: ট-১১-০৮৮৬) বিপরীত থেকে আসা অপর একটি ট্রাক সরাসরি আঘাত করে। এতে দাঁড়ানো ট্রাকটির চালক ও হেলপার গুরুতর আহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হেলপারের মৃত্যু হয়েছে।

পুলিশ এসে দুর্ঘটনার শিকার ট্রাকটি পেলেও, অপর ট্রাকটি পালিয়ে যায় বলে জানান তিনি।

বঙ্গবন্ধু সেতুতে একসঙ্গে চারটি ট্রাক দুর্ঘটনার কবলে

তাছাড়া সকালের ঘন কুয়াশার মধ্যে বঙ্গবন্ধু সেতুতে একসঙ্গে চারটি ট্রাক দুর্ঘটনায় পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সেতুর ১৮ নম্বর খুঁটির কাছে এই দুর্ঘটনার পর উত্তরবঙ্গগামী লেইনে যান চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, ঘন কুয়াশার মধ্যে সেতুতে পরপর থাকা উত্তরবঙ্গগামী চারটি মালবোঝাই ট্রাকের মধ্যে ধাক্কা লাগে। ফলে কয়েকজন চালক ও সহকারী আহত হন এবং সেতুতে চলাচল বন্ধ হয়ে যায়।