গজারিয়ায় ভবেরচর ব্র্যাক অফিস-ইমামপুর ইউপি সড়ক মেরামত কাজের উদ্বোধন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ইউনুস শিকদার সড়কের ভবেরচর ব্র্যাক অফিস থেকে ইমামপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত দুই কিলোমিটার অংশের মেরামতকাজের উদ্বোধন করা হয়েছে।
প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে রাস্তাটির সংস্কারকাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
আজ শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও দলের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিস, গজারিয়া উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, ইমামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনসুর আহমেদ খান জিন্নাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডির প্রকল্প পরিচালক ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুনুর রশীদ।







