এতবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার নজির আর কোনো দেশের নেই
32

মুন্সিগঞ্জ, ২৫ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

বিশ্বকাপ ইতিহাসে ১৬তম বারের মতো গ্রুপের শীর্ষে থেকে প্রথম রাউন্ড শেষ করলো ব্রাজিল। এতবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার নজির আর কোনো দেশের নেই।

স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে গ্রুপ পর্ব শেষ করা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নকআউট পর্বে উঠেছে গ্রুপসেরা দল হিসেবে।

এই ম্যাচে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। কার্লো আনচেলত্তির অধীনে এটি ছিল তার প্রত্যাবর্তনের ম্যাচ।

ব্রাজিলের জয়ের নায়ক ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। আরেকটি গোল করেন মাতেউস কুনিয়া। ৩-০ গোলের এই জয়ে বিশ্বকাপ ইতিহাসে ১৬তম বারের মতো নিজেদের গ্রুপের শীর্ষে থেকে পরের পর্বে উঠল ব্রাজিল।

এই ম্যাচে গোল করে ইতিহাসও গড়েছেন ভিনিসিয়ুস। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করে তিনি ২০০২ বিশ্বকাপের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এই কীর্তি অর্জন করলেন। এর আগে রিভালদো ও রোনালদো সেই আসরে এমন সাফল্য দেখিয়েছিলেন। এর মাধ্যমে তিনি রোমারিও ও জাইরজিনিয়োর মতো কিংবদন্তিদের বিশেষ তালিকায় নাম লেখালেন।

ভিনিসিয়ুসের গোলযাত্রা শুরু হয়েছিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে। এরপর হাইতির বিপক্ষে ৩-০ জয়ের ম্যাচেও গোল করেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখেন। গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে টানা তিন ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করেন এই ফরোয়ার্ড।

কিছুক্ষণ পর তিনি আরও একটি গোল করেছিলেন বলে মনে হচ্ছিল। তবে বল দখলের আগে স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেন্ড্রিকে ফাউল করার অভিযোগে সেটি বাতিল করা হয়।

তবে হতাশ হননি ভিনিসিয়ুস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দূরের পোস্টে ভেসে আসা বল দারুণ হেডে জালে জড়িয়ে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন তিনি। এতে উচ্ছ্বাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকেরা।

ভিনিসিয়ুসের এই কীর্তির সঙ্গে জড়িয়ে আছে একটি আকর্ষণীয় ইতিহাসও। এর আগে যখনই কোনো ব্রাজিলিয়ান ফুটবলার বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন, প্রতিবারই ব্রাজিল শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে। এখন দেখার বিষয়, সেই ঐতিহ্য এবারও বজায় থাকে কি না।

গ্রুপের অন্য ম্যাচে মরক্কো ৩-২ গোলে হাইতিকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে এবং নকআউট পর্বে উঠেছে। স্কটল্যান্ড তৃতীয় স্থানে থেকে সেরা আট তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে পরের পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে।

অন্যদিকে, হাইতি গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে তাদের যাত্রা শেষ হয়েছে গ্রুপ পর্বেই।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ