একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে মুন্সিগঞ্জে থেমেথেমে চলছে লোডশেডিং
মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
আজ বুধবার সকাল থেকেই মুন্সিগঞ্জ জেলাজুড়ে ভ্যাপসা গরম হাওয়া বইছে। এতে স্বাভাবিক জনজীবনে কিছুটা ছন্দপতন ঘটেছে।
এর মধ্যেই মুন্সিগঞ্জ সদর উপজেলাসহ পুরো জেলার বিভিন্ন এলাকায় থেমেথেমে চলছে লোডশেডিং।
দুপুর ১২টার দিকে পঞ্চসার কাশিপুর এলাকার মেহেদি হাসান জানান, সকাল ৯টা থেকে বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত ৩০-৪০ মিনিট করে অন্তত ৩ বার বিদ্যুৎহীন ছিলাম।
বিকাল সাড়ে ৪টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার খালইষ্ট এলাকার বাসিন্দা কেয়া আক্তার জানান, সকাল থেকে আজ সারাদিন বেশ কয়েকবার লোডশেডিং হয়েছে। বাইরে প্রচণ্ড গরম। এরমধ্যে বারবার লোডশেডিং হওয়ায় বাসার বয়োজৈষ্ঠ থেকে সকলেই কষ্টে আছে।
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর জোনাল অফিসের ডিজিএম মো. সানোয়ার হোসেন বিকাল পৌনে ৫টার দিকে আমার বিক্রমপুরকে বলেন, চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়ায় সারাদেশেই আজ লোডশেডিং দেখা দিয়েছে। আমাদের জেলা সদর, সিপাহীপাড়া পল্লী বিদ্যুৎ ও মিরকাদিম গ্রিডের আওতায় চাহিদার তুলনায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিলো আজ। এজন্য আমাদের লোডশেডিং করতে হচ্ছে।
তিনি বলেন, আশা করছি খুব দ্রুত সমস্যা ঠিক হয়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।


