ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় প্রাণ গেছে মুন্সিগঞ্জের প্রবাসীর
মুন্সিগঞ্জ, ১৭ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ইরাকের বাগদাদে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশী প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত হবি মিয়া পাইক (৩৭) মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা এলাকার নলি মিয়া পাইকের পুত্র। তিনি হাবিবা (১৬) ও নাফিজা (১০) নামের দুই কন্যা সন্তানের জনক।
নিহতের স্ত্রী খাদিজা আক্তার নিতু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমার স্বামী গত ১০ বছর ধরে ইরাকে আছেন। সেখানে তিনি বিভিন্ন কাজ করতেন। সবশেষ গত শুক্রবার (১৩ মার্চ) আমার সাথে তার কথা হয়। পরবর্তীতে তাকে আর ফোনে পাইনি। পরে তার সাথে থাকা অন্য প্রবাসীরা গতকাল রাতে আমাকে হামলায় মৃত্যুর খবর জানান। হামলায় তার দুই পা ও বুকে প্রচণ্ড আঘাত লাগে।
তিনি বলেন, রাষ্ট্রের কাছে আমার দাবি- আমার স্বামীর মরদেহ যাতে দ্রুত সময়ের মধ্যে দেশে আনার ব্যবস্থা করা হয়।
জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কার্ত্তিক চন্দ্র দেবনাথ বলেন, এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মরদেহ দেশে আনার জন্য সকল ব্যবস্থা নেয়া হচ্ছে।


